১৫ বিলিয়ন ডলারের অনার শেয়ার বিক্রি করছে হুয়াওয়ে
গতমাসে আমরা জানতে পেরেছিলাম হুয়াওয়ে তাদের সাব-ব্র্যান্ড অনার বিক্রির জন্য ক্রেতা খুঁজছে। মূলত যুক্তরাষ্ট্র সরকারের একাধিক বাণিজ্য নিষেধাজ্ঞাকে সামাল দেয়াই এর মূল কারণ। তবে এখন কোম্পানিটি অনারের ১৫ বিলিয়ন ডলার মূল্যমানের শেয়ার বিক্রি করছে বলে জানা গেছে।
রয়টার্স জানিয়েছে, শেনজেন সরকার এবং আইটি সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল চায়না এর নেতৃত্বে একটি কনসোর্টিয়াম এর শেয়ার কিনছে।
আগের রিপোর্টে ধারণা করা হয়েছিলো ২.৩ বিলিয়ন ডলার থেকে ৩.৭ বিলিয়ন ডলারের মধ্যে চুক্তিটি সম্পন্ন হতে পারে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র নতুন অর্থের পরিমান উল্লেখ করেছে এবং এটি রবিবারের মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।
হুয়াওয়ে তাদের অনার ব্র্যান্ডের মালিকানা, গবেষণা ও উন্নয়ন এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিক্রি করবে। একাধিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানও এই কেনাবেচায় যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে।
ডিবিটেক/বিএমটি